আড়াইবাড়ীয়ায় শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আবদুল কাইয়ু
বিশেষ প্রতিনিধি:
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধনকুড়া এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন এবং সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নিয়েছেন ৪ নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল কাইয়ুম।
পরিদর্শনকালে তিনি ইউনিয়ন ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন মণ্ডপে যান এবং পূজা উদ্যাপন কমিটির সদস্য ও সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় আবদুল কাইয়ুম বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি সম্প্রীতি ও মিলনের এক মহা উৎসব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। আবহমানকাল ধরে এ দেশে সকল ধর্মের মানুষ পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে আসছে।”
তিনি আরও বলেন, “অসুরশক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের প্রতিষ্ঠার বার্তা নিয়ে আসে দুর্গাপূজা। বর্তমান সময়ে দেশে শান্তি, স্থিতিশীলতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শারদীয় দুর্গোৎসবের এই আনন্দঘন মুহূর্তে আমি আড়াইবাড়ীয়া ইউনিয়নসহ গোটা দেশের সকল সনাতন ধর্মাবলম্বী নাগরিকের সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করছি।”
পূজাকালীন সময়ে আড়াইবাড়ীয়া ইউনিয়নের প্রতিটি মণ্ডপে যাতে শান্তিশৃঙ্খলা বজায় থাকে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত হয়, সে বিষয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা।
© All rights reserved © 2022
Leave a Reply