ময়মনসিংহের নান্দাইলে খারুয়া ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে দেখতে চান চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা কাজী আব্দুস সাত্তা
মো. জাহিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি (ময়মনসিংহ):
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১১নং খারুয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের পাশে থেকে খারুয়া ইউনিয়নকে একটি আধুনিক ও রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিশিষ্ট সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মাওলানা কাজী আব্দুস সাত্তার।
সম্প্রতি খারুয়া বাজারের স্থানীয় বাসিন্দাদের সাথে এক মতবিনিময় ও সাধারণ আলাপকালে তিনি খারুয়া ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়নে নিজের স্বপ্ন ও পরিকল্পনার কথা তুলে ধরেন।
এ সময় মাওলানা কাজী আব্দুস সাত্তার বলেন, “আমি যদি খারুয়া ইউনিয়নবাসীর প্রতিনিধি বা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ সর্বদা সত্য ও ন্যায়ের পথে থেকে মানুষের সেবা করব। এলাকার অবকাঠামোগত উন্নয়নে রাস্তাঘাট, কালভার্ট ও সেতু নির্মাণের পাশাপাশি স্কুল, কলেজ, মসজিদ, মন্দির এবং গির্জা স্থাপন ও সংস্কারের মাধ্যমে এলাকার ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখব।”
ইউনিয়নের পিছিয়ে পড়া ও অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে নিজের বিশেষ পরিকল্পনার কথা জানিয়ে তিনি আরও বলেন, খারুয়া ইউনিয়নের বয়স্ক, বিধবা ও দুস্থ ব্যক্তিদের সঠিক নিয়মে বিভিন্ন ভাতার আওতায় নিয়ে আসা হবে। সমাজ থেকে দুর্নীতি সম্পূর্ণরূপে দূর করে একটি স্বচ্ছ ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলা হবে।
বর্তমান সময়ের অন্যতম বড় সামাজিক সমস্যা মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে তিনি জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে কঠোর আইনি ও সামাজিক নিরাপত্তার দায়িত্বে থেকে কাজ করবেন। পাশাপাশি এলাকার অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সুরক্ষায় বাল্যবিয়ে সম্পূর্ণ বন্ধ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পরিশেষে মাওলানা কাজী আব্দুস সাত্তার বলেন, “জনগণের আস্থায় খারুয়া ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত এবং উন্নত মডেল খারুয়া ইউনিয়ন হিসেবে উপহার দিতে চাই ইনশাআল্লাহ। এ জন্য আমি ইউনিয়নের সর্বস্তরের জনতা ও প্রিয় ভোটারদের দোয়া, সহযোগিতা ও ভালোবাসা কামনা করছি।”
© All rights reserved © 2022
Leave a Reply