নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর (কিশোরগঞ্জ):
হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ৪ নম্বর আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রবিউল আলম রবিনের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর অনুসারী ও স্থানীয় সাধারণ মানুষের অংশগ্রহণে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়।
আজ কাওনা বাজারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীর পক্ষে সমর্থন, দোয়া ও সহযোগিতা চাওয়া হয়। এ সময় স্থানীয় তরুণ এই নেতার পক্ষে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
গণসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রবিউল আলম রবিন বলেন, “মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, ইভটিজিং ও মানবাধিকার লঙ্ঘন রোধ করা আমার দীর্ঘদিনের স্বপ্ন। মানুষের সেবা করাই রাজনীতির মূল শক্তি, সততাই আমার ভিত্তি এবং জনতাই আমার প্রধান শক্তি।”
এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় মো. রবিউল আলম রবিনের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে সমর্থকরা ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। এছাড়া লিফলেট বিতরণের মাধ্যমে এলাকার সেবা করার সুযোগ চেয়ে আড়াইবাড়ীয়া ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করা হয়। প্রচার কার্যক্রমটি আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে প্রার্থীর পক্ষে স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা একযোগে কাজ চালিয়ে যাচ্ছেন।
© All rights reserved © 2022
Leave a Reply