মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে র্যাব ও পুলিশ পরিচয়ে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাই চালানো চক্রের মূল হোতা ও সহযোগীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযান পরিচালনা করা হয় বুধবার (৭ জানুয়ারি) ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায়।
গ্রেফতারকৃতরা হলেন আ. রহমান মেহেদী (৩৬), পিরোজপুর জেলার দক্ষিণ গাবতলী এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে, এবং মো. রাসেল (৩৮), পটুয়াখালী জেলার গলাচিপা থানার চর কাজড় এলাকার নুর ইসলামের ছেলে। বর্তমানে তারা ঢাকার যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, মেহেদীর বিরুদ্ধে দেশে ১৮টি এবং রাসেলের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। বিশেষ অভিযানে প্রথমে যাত্রাবাড়ী এলাকা থেকে মেহেদীকে গ্রেফতার করা হয়। তার ভাড়া বাসা থেকে দুটি র্যাবের কটি, একটি পিস্তলের কভার, দুটি ওয়াকিটকির চার্জার এবং ১ লাখ ৯০ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়। মেহেদীর তথ্যের ভিত্তিতে রাতেই কদমতলী এলাকা থেকে রাসেলকে গ্রেফতার করা হয়।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মহিদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে র্যাব ও ডিবি পরিচয়ে ডাকাতি ও ছিনতাই করছিলেন। পুলিশ আরও বলেছে, চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
Leave a Reply