হোসেনপুরে হঠাৎ ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড জনজীবন, সড় বিচ্ছিন্ন
মোঃ জাহিদুল ইসলাম, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে হঠাৎ ঝড় ও বৃষ্টিতে বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝোড়ো বাতাসে গাছপালা উপড়ে পড়া, বিদ্যুতের খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হওয়া এবং একাধিক বসতঘরসহ বিভিন্ন স্থাপনা লণ্ডভণ্ড হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে অল্প সময়ের এ ঝড়ে উপজেলার জিনারী ও সিদলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সবচেয়ে বেশি ক্ষতি হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে হঠাৎ শুরু হওয়া ঝোড়ো বাতাসে জিনারী ও সিদলা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় অনেক গাছ উপড়ে পড়ে এবং বড় বড় গাছের ডালপালা ভেঙে যায়। পেঁপে, আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন ফলদ, বনজ গাছ ও সবজি বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া মাঠের আমন ধানের ক্ষতি হওয়ায় চরম আর্থিক দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।
ঝড়ের সময় উপজেলার পিতলগঞ্জ এলাকায় একটি বড় রেন্টিগাছ উপড়ে মূল সড়কের ওপর পড়ে। এতে হোসেনপুর-হাজীপুর-দেওয়ানগঞ্জ প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের বিভিন্ন রুটেও যাতায়াত সাময়িকভাবে ব্যাহত হয়।
গাছের ভারী ডালপালা পড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। একই সঙ্গে ঝোড়ো বাতাসে বেশ কিছু বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘরের টিনের চাল উড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সড়কে পড়ে থাকা গাছ ও ডালপালা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় বাসিন্দারা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত হোসেনপুর-হাজীপুর-দেওয়ানগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
ঘটনার পর হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি বলেন, “ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। সংশ্লিষ্টদের দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা দেওয়া হয়েছে।”
ঝড়ে ক্ষতির সঠিক পরিমাণ জানতে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাঠপর্যায়ের কার্যক্রম অব্যাহত রয়েছে।
© All rights reserved © 2022
Leave a Reply